COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬


সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে রয়েছেন, ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতির পর আন্তালিয়ায় যাবেন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন COP31-এ যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর টার্কিশ এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (১১ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা করার কথা রয়েছে।

এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।