পিএসএলে লাহোর কালান্দার্সের উপদেষ্টা আমিনুল ইসলাম

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ হারানোর সাত মাস পর আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে কালান্দার্স। নতুন দায়িত্বে ফ্র্যাঞ্চাইজিটির হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়নে কাজ করবেন তিনি।

কালান্দার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উপদেষ্টা হিসেবে কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়নে ভূমিকা রাখবেন (আমিনুল) ইসলাম। যেখানে খেলোয়াড়দের বিকাশ, কোচিংয়ের কার্যপদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির ওপর জোর দেবেন তিনি।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই নিয়োগের মাধ্যমে লাহোর কালান্দার্স ক্রিকেটের প্রসারে বাংলাদেশের আঙিনায় তাদের কার্যক্রম বিস্তৃত করতে ইসলামের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এবং একই সাথে তাদের চলমান ক্রিকেটার উন্নয়ন প্রচেষ্টাকে এগিয়ে নিতে চায়।”

ক্রিকেটের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আমিনুল ইসলামের। খেলোয়াড়ি জীবন শেষ করার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৫ সালে প্রথমে অন্তর্বর্তীকালীন এবং পরে নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন আমিনুল। তবে তার নেতৃত্বে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে নানা অনিয়ম ও দুর্বলতা খুঁজে পাওয়ার কথা জানিয়ে গত এপ্রিলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ড ভেঙে দেয়।

এরপর থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন আমিনুল। সাত মাস পর লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে আবার ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে ফিরলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।