মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এসব ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।


গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন— দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে এবং বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।