জুলাইয়ে মাদরাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৭ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬

জুলাই আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

মামলায় নুরুল ইসলাম নাহিদকে কারাগারে রাখার আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোড়ল। আবেদনে বলা হয়, তদন্তের প্রয়োজনে পরে তার রিমান্ড চাওয়া হতে পারে।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, আদালত কারাগারে পাঠানোর আবেদন মঞ্জুর করেছেন। নুরুল ইসলাম নাহিদের পক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি।


এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় তারা আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি ছোড়েন। এতে সাদিকুলের পেটে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই সাদিকুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।