পুলিশের গাড়ি চুরি ‘নাশকতার পরিকল্পনায়’, জড়িত সন্দেহে গ্রেপ্তার ১

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৭ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পুলিশের টহল দলের একটি পিকআপ ভ্যান চুরির পেছনে ‘নাশকতার পরিকল্পনা’ ছিল বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, টাকার প্রলোভনে গাড়িটি চুরি করে নির্জন স্থানে নিয়ে অন্য কারও হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল গ্রেপ্তার রুবেলের।

নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে বুধবার রাতে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় গাড়িচালক। বিভিন্ন সময়ে রিকুইজিশনে নেওয়া পুলিশের গাড়িও চালিয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন বলেন, রুবেল পুলিশের পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে পুলিশের ভাড়া করা গাড়িও চালাতেন। গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর রাতে দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার প্রলোভনে পড়ে রুবেল গাড়িটি চুরি করার কথা জানিয়েছে। গাড়িটি নির্জন কোনো স্থানে নিয়ে অন্য কারো হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। পরে হয়তো গাড়িটিতে আগুন দিয়ে ভিডিও শেয়ার করা হতো।”

পুলিশ জানায়, বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন গেটের পুনাক ক্যানটিনের সামনে থেকে পিকআপ ভ্যানটি চুরি হয়। গাড়িটিতে হালিশহর থানার টহল দলের সদস্যরা ছিলেন। দুপুরের খাবার খেতে তারা ক্যানটিনে ঢোকার কিছু সময়ের মধ্যেই এক ব্যক্তি গাড়িটি নিয়ে পালিয়ে যান।

পরে সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনির হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।