প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬


নিজস্ব প্রতিবেদক 

আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন পালন করছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা পেরিয়ে দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে আসা তারেক রহমানের জীবনে দিনটি বিশেষ তাৎপর্য বহন করছে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে তিনি বিএনপির নেতৃত্বের শীর্ষ পর্যায়ে উঠে আসেন।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে দলের নেতৃত্বে নিজের অবস্থান সুদৃঢ় করেন তারেক রহমান। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিয়ে সরকার গঠন এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।

এদিকে জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও প্রধানমন্ত্রী কোনো ধরনের আড়ম্বরপূর্ণ আয়োজন বা উৎসব চান না বলে দলীয় সূত্র জানিয়েছে। তাঁর জন্মদিনে দোয়া, বিশেষ মোনাজাত, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অন্যদিকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভোদয় শিক্ষার্থীদের মধ্যে প্রতীকী ২০ টাকায় বই বিক্রির পাশাপাশি গাছ উপহার দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্থানে ধর্মীয় আয়োজন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচিও নেওয়া হয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে ব্যক্তিগত উৎসবের পরিবর্তে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের বার্তা তুলে ধরার চেষ্টা করছেন আয়োজকেরা।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে এখন দেশের অর্থনীতি পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে।

জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে।