বড় লেভেলে খেলার ইচ্ছা’য় পদত্যাগ, পরদিন গ্রেপ্তার সেই বিএনপি নেতা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬

ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’ লিখে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক প্রতারণার মামলায় এক বছরের কারাদণ্ড পাওয়া এই নেতা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। দলীয় নেতাদের সঙ্গে বিরোধের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে মব সৃষ্টি, চাঁদাবাজি ও জিম্মি করার অভিযোগেও সম্প্রতি আলোচনায় ছিলেন তিনি।

বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানা-পুলিশ মধুখালী থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে। ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহান মাহমুদের এক বছরের কারাদণ্ড হয়। তিনি বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের বাসিন্দা।

বোরহান উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের ফটোকার্ড প্রকাশ করেন তিনি। পরদিন বুধবার বিকালে ফেসবুক লাইভে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন এবং দলীয় নেতৃত্ব নিয়ে নানা মন্তব্য করেন।

বোরহানের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ আখ্যা দেন। এ কারণেই তিনি দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, সঞ্জয় সাহা বোরহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, তিন-চার মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা নেওয়া হয়। পুলিশের সহায়তায় মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সঞ্জয় সাহার অভিযোগ, সম্প্রতি কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ গত রবিবার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন সঞ্জয়। এসব অভিযোগের বিষয়ে বোরহানের বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ফেসবুক পোস্টে জানিয়েছেন, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী ছিলেন। তবে সম্প্রতি বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে মৌখিকভাবে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল। গত দুই-তিন দিন ধরে বোরহান দলীয় জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। বোরহানের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না বলেও উল্লেখ করেন খন্দকার নাসিরুল ইসলাম।

পদত্যাগের ঘোষণা দিলেও উপজেলা বিএনপি এখনো বোরহানের কোনো লিখিত পদত্যাগপত্র পায়নি। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা ডাকার কথা জানিয়েছেন সঞ্জয় সাহা। তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল। এখানে ব্যক্তিগত উচ্চাভিলাষ কিংবা বিশৃঙ্খল কর্মকাণ্ডের সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। সঞ্জয় বলেন, ‘আমি দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেব না। দলের স্বার্থে প্রয়োজনে জীবন দেব, তবু চাঁদাবাজি হতে দেব না।’ বোরহানের বিষয়ে সাংগঠনিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসা থেকে ফেসবুকে ভিডিও বার্তা দেন বোরহান। সেখানে তিনি অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে আওয়ামী লীগ আমলে যুবলীগ নেতা দাউদের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা বাসায় থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি। ভিডিওতে কারাগার থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফরিদপুর-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন বোরহান।

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বোরহান মাহমুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে মধুখালী থানা-পুলিশের সহায়তায় উপজেলা সদরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।