ঢাকা থেকে ফেরার পথে আক্কেলপুরে থামবে চিলাহাটি এক্সপ্রেস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:০৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬

‎ঢাকা থেকে ফেরার পথেও এবার জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস। গত ডিসেম্বর থেকে কেবল চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেনটি যাত্রাবিরতি করত আক্কেলপুরে। ফলে ঢাকা যাওয়ার পথে সুবিধা পেলেও ঢাকা থেকে ফেরার পথে নিজ এলাকায় ট্রেন থেকে নামার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন আক্কেলপুরবাসী। তাদের এ স্টেশনে ঢাকা থেকে ফেরার পথে আক্কেলপুরে যাত্রাবিরতির দাবিও দীর্ঘদিনের।

‎বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় দপ্তর বৃহস্পতিবার (১ অক্টোবর) এক চিঠিতে যাত্রাবিরতির খবর দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, মহাপরিচালকের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৮০৫ নম্বর চিলাহাটি এক্সপ্রেসের আক্কেলপুর স্টেশনে দুই মিনিট যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে ট্রেনটির আপ ও ডাউন দুই পথেই আক্কেলপুরে যাত্রাবিরতি কার্যকর হবে।

‎রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস রাত ১০টা ৫৫ মিনিটে আক্কেলপুরে পৌঁছাবে। এরপর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাবে। জামালগঞ্জ থেকে চিলাহাটি পর্যন্ত ট্রেনটির আগের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

‎চিঠিতে আক্কেলপুর স্টেশনের বিপরীতে আসন বরাদ্দ ও টিকিট বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

‎গত বছরের ১ ডিসেম্বর থেকে চিলাহাটি থেকে ঢাকাগামী পথে আক্কেলপুরে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হয়। তবে ঢাকা থেকে চিলাহাটিগামী পথে আক্কেলপুরে ট্রেনটির যাত্রাবিরতি ছিল না। ফলে ঢাকা থেকে ফেরার পথে আক্কেলপুরের যাত্রীদের সান্তাহার অথবা জয়পুরহাটে নেমে বাড়ি ফিরতে হতো। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হতো।

‎আক্কেলপুর রেলস্টেশনের কর্মকর্তা হাসিবুল ইসলাম বলেন, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের আপ যাত্রাবিরতির চিঠি আজ পেয়েছি। এখন আপ-ডাউন দুটিই যাত্রাবিরতি করবে।