হয়রানির’ প্রতিবাদে সারাদেশে ২ দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৬ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সোমবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে দুই দিন দেশের সব সিলিন্ডারের দোকান বন্ধ রাখা হবে। ব্যবসায়ীদের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির হাতে এলপিজি সিলিন্ডারের বিপণন জিম্মি হয়ে আছে। এসব কোম্পানির মাধ্যমে স্বৈরাচারী কায়দায় এলপিজির দাম বাড়ানো হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।

তবে ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।