রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময়

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২০ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নবমীতে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে মন্দিরে পৌঁছে তিনি পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মন্দিরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ধর্মসভা মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুণ্ডু, রংপুর মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় ও সদস্য সচিব পলাশ কান্তি নাগ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর। এ দিন রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন তিনি। তিন নগরে কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।


এ সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা নিয়ে রংপুরের পথে রওনা হন তারেক রহমান। যাত্রাপথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি রাজশাহীতে যাবেন। সফরসূচি অনুযায়ী, দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন তিনি। বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।


এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় সেখানে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।