শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ‘আ.লীগের’ ৩৩ জন গ্রেপ্তার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ মঙ্গলবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের’ সদস্য বলে উল্লেখ করা হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এর মধ্যে আজ মঙ্গলবার সকালেও মিরপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার সকালে মিরপুর ১১ নম্বর সেকশনে মেট্রোরেল স্টেশনের নিচে এ সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখা যায়।

এর আগে গত বৃহস্পতিবার মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। দুই দফায় প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর বিকেলে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।


এরপর শনিবার মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। প্রথমে কারখানার ভেতরে আন্দোলন চললেও পরে তা সড়কে ছড়িয়ে পড়ে।

রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। পরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়।

সোমবার আন্দোলনরত শ্রমিকদের সড়কে নামতে বাধা দেয় পুলিশ। মিরপুর ১৪ নম্বর এলাকায় শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়। পরে মিরপুর ২ নম্বর এলাকায় আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।