চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক
রংপুরের তারাগঞ্জে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক যাত্রীকে জিম্মি করার প্রতিবাদ করায় দুই যুবককে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসটি আটক করেন।
নিহত দুই যুবক হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী যাত্রী আতিক ইসলাম জানান, কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে 'সায়মন এক্সক্লুসিভ' পরিবহনের একটি বাসে তারা ছয়জন বাড়ি ফিরছিলেন। আতিকের কাছে নগদ তিন লাখ টাকা থাকায় তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে বাসের হেল্পার ও সুপারভাইজার তাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন।
আতিক বলেন, "এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। পরে আমার চিৎকারে পাশ দিয়ে যাওয়া একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয় লোকজন চিকলী এলাকায় বাসটি আটক না করলে আমাকেও তারা একইভাবে ফেলে দিত।"
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার চাচা আতিকের কাছ থেকে তিন লাখ টাকা লুট করার জন্যই অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করায় তার ভাই শাকিব ও মুকুলকে ধাক্কা ও লাথি দিয়ে বাস থেকে ফেলে হত্যা করা হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশ থেকে দুজনকে উদ্ধার করে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।