চার মাসে প্রবাসী আয় ১১ হাজার ৪৬ কোটি ডলার ছাড়াল, শীর্ষে সৌদি আরব

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৫৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বৈধ ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশের সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।

দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার এসেছে যুক্তরাজ্য থেকে।

শীর্ষ ১০ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

মাসভিত্তিক হিসাব বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ গত অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

এর আগে সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।