গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের, অপরাধীদের দ্রুত বিচারের দাবি

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

Wr

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান ড. ইউনূস।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। এমনকি চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক উল্লেখ করে ড. ইউনূস বলেন, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণগ্রহীতারাই ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ফলে গ্রামীণ ব্যাংকের ওপর হামলা মানে লাখ লাখ দরিদ্র নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত।

বিবৃতিতে তিনি দাবি করেন, চলতি নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা নিক্ষেপ করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

ড. ইউনূসের অভিযোগ, হামলার ধরন দেখে মনে হচ্ছে, ওপরের মহলের নির্দেশনায় এসব নাশকতা চালানো হচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে ছড়ানো প্রচারণারও প্রতিবাদ জানান ড. ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির মালিক তিনি নন এবং ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি কখনো ছিলেন না।

বিবৃতিতে আরও জানানো হয়, ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরদার নিরাপত্তা চেয়েছে গ্রামীণ ব্যাংক।

হামলার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে বিশ্বজুড়ে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভানুধ্যায়ীদের এসব হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের মালিকানাধীন এই প্রতিষ্ঠানকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।