গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

বাসস
বাসস বাসস
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪৯ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।

চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার কোনো সময়সূচি জানানো হয়নি। অন্যদিকে, বাংলাদেশ নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে।

এদিকে, গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে। তবে বৈঠকে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার রয়েছে দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।

যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।

জানতে চাইলে ড. মো. আনোয়ার কাদির বাসসকে বলেন, ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।’

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে এ কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিবছর পানিপ্রবাহ ও পানি বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের অবস্থান হচ্ছে, কেবল বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে নির্ধারিত পরিমাণ পানি পায়, সে নিশ্চয়তা নতুন চুক্তিতে রাখতে চায় সরকার।

এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। দুই দেশের আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

তিনি জানান, এ লক্ষ্যে তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।

১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে এ ধরনের ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির হিস্যা সুরক্ষিত করতে চায় সরকার।

বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।


গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।

বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। আমরা এমন একটি চুক্তি চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয় এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।

এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা নতুন চুক্তি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।

চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কোনো সুযোগ নেই। দুই দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ, গঙ্গার পানির ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানির সম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন চুক্তিতে শুধু পানির হিস্যা নির্ধারণ নয়, বরং প্রবাহের নিশ্চয়তা, তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলোও গুরুত্ব পাওয়া প্রয়োজন। বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা।