বিমসটেককে যুব, পরিবেশ, জলবায়ু সংকটের দিকে বেশি নজর দিতে হবে: অধ্যাপক ইউনূস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ৭:১৫ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৪

উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস আজ বলেছেন, বিমসটেকের উচিত যুব, পরিবেশ এবং জলবায়ু সংকট ইস্যুতে আরও বেশি মনোযোগ দেওয়া।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পান্ডে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

মহাসচিব বিমসটেকের কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে বলেন, সদস্য দেশগুলো এটিকে একটি শীর্ষ পর্যায়ের সক্রিয় আঞ্চলিক ফোরামে রূপান্তরিত করার চেষ্টা করছে।

রাষ্ট্রদূত পান্ডে বলেন, আসন্ন শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। প্রফেসর ইউনূসের নেতৃত্ব সাত জাতিগোষ্ঠীর কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

রাষ্ট্রদূত পান্ডে বলেন, ‘আমরা কার্যকরভাবে আরও সক্রিয় সংগঠনে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হয়েছি।’

তিনি বলেন, আপনার নেতৃত্বে আমরা অনেক ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে সক্ষম হব”। 

থাইল্যান্ড সেপ্টেম্বরে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠান করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছে এবং পরে সম্মেলনের সময় পুনঃনির্ধারণ করা হবে।