পাবনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৬:১৫ পূর্বাহ্ন, ২০ এপ্রিল ২০২৬

পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী (৪০)। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বিকট শব্দ শোনা যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

পাবনার মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজার রহমান জানান, নারায়নগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস সকালের দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ববন গ্রাম এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংর্ঘষ হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ৯ জন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।