অসংক্রামক রোগ মোকাবিলায় ৩৫ দপ্তরের যৌথ ঘোষণা, ৫ প্রতিশ্রুতি
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করতে যৌথ ঘোষণায় সই করেছে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ। এ যৌথ ঘোষণায় নীতি প্রণয়নে অসংক্রামক রোগ মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়াসহ পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছে সরকারি দপ্তরগুলো।
বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তার কার্যালয়ে অসংক্রামক রোগ মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে ‘যৌথ ঘোষণাপত্র’ সইয়ের এ অনুষ্ঠান আয়োজিত হয়।
যৌথ ঘোষণাপত্রে যে পাঁচ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো হলো—
নীতি প্রণয়নে অগ্রাধিকার
সব নীতিতে স্বাস্থ্যকে প্রাধান্য দৃষ্টিভঙ্গির আলোকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ কর্মকৌশল ও নীতিমালা প্রণয়ন এবং নির্ধারণে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে অগ্রাধিকার দেবে এবং প্রয়োজনে বিদ্যমান নীতিগুলো সংশোধন করবে।
কর্মপরিকল্পনা বাস্তবায়ন
জাতীয় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা সাশ্রয়ী কার্যপন্থা বাস্তবায়নের জন্য যথাযথ মানব ও আর্থিক সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করবে এবং অধস্তন দপ্তর ও সংস্থার মাধ্যমে মাঠ পর্যায়সহ সব স্তরে পরিকল্পিত কার্যক্রম তদারকি, পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে।
জনসচেতনতা বৃদ্ধি ও সর্বজনীন অংশগ্রহণ
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা তৈরি ও প্রাসঙ্গিক কার্যক্রম সর্বাত্মক সরকারি ও সর্বাত্মক সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে, যেন সব শ্রেণিপেশার মানুষের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত হয়।
সমন্বয় ও সহযোগিতা
প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ জাতীয় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়ন এবং সমন্বয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সক্রিয়ভাবে সহযোগিতা করবে।
অগ্রগতি পর্যালোচনা
প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ ‘যৌথ ঘোষণা’র অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করবে এবং উল্লেখযোগ্য সফলতা সংবলিত প্রতিবেদন প্রকাশ করবে। পাশাপাশি পর্যবেক্ষণ ও পর্যালোচনায় উঠে আসা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
যৌথ ঘোষণাপত্রে যেসব মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্তরা সই করেছেন তারা হলেন—
- সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ
- সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
- সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়
- সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
- সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়
- সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
- সচিব, কৃষি মন্ত্রণালয়
- সচিব, অর্থ বিভাগ
- চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড
- সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
- সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
- সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়
- সচিব, খাদ্য মন্ত্রণালয়
- সচিব, স্থানীয় সরকার বিভাগ
- সচিব, রেলপথ মন্ত্রণালয়
- সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
- সচিব, পরিকল্পনা বিভাগ
- সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
- সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ
- সচিব, আইন ও বিচার বিভাগ
- সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
- সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- সচিব, শিল্প মন্ত্রণালয়
- সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
- সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ
- সচিব, বাণিজ্য মন্ত্রণালয়
- সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
- সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
- সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়
- সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
- সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়
- সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
- সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
- সচিব, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
- সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ