স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই বিশাল নিয়োগ পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনবল সংকট দূর করতে পর্যায়ক্রমে সকল শূন্যপদ পূরণ করা হবে।
সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে স্বাস্থ্যখাতে এই বিশাল জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে ৪৮তম বিসিএস-এর মাধ্যমে ২৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম ও ২৭তম বিসিএস-এর মাধ্যমেও উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সকল শূন্যপদ পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবার প্রকৃত চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, উদাহরণস্বরূপ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৯টি পদের বিপরীতে ১৩৮ জন কর্মরত আছেন এবং ৫৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে চিকিৎসকদের ১০টি এবং নার্সদের ১টি পদ শূন্য আছে। তবে ১৭তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের নিয়োগ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, যা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।