দাদা-দাদির কোল ঘেঁষেই চিরনিদ্রায় শিশু রামিসা
রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারকে (৭) অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী। গতকাল বুধবার (২০ মে) রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুন্সিগঞ্জ শহরে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
এর আগে, এশার নামাজের পর জেলার সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামের মোল্লা বাড়ির বায়তুল আমান জামে মসজিদের আঙিনায় শিশু রামিসার জানাজা হয়। জানাজায় রামিসার আত্মীয়-স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেয়। এসময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকা জুড়ে। কবরস্থানে পাশেই কান্নায় ভেঙে পড়েন শিশু রামিশা আক্তারের বাবাসহ পরিবারের স্বজনরা।
এদিকে, নির্মম এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে, মুন্সিগঞ্জ শহরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।