চট্টগ্রামেও এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৪:১২ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের এক দফা দাবিতে চট্টগ্রামে ফের বিক্ষোভে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন করলেও তা বাস্তবায়ন হয়নি। উল্টো ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ তুলে তারা এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগকেই একমাত্র দাবি হিসেবে সামনে এনেছেন।


দুপুর পৌনে তিনটার দিকে দেখা যায়, ২ নম্বর গেট মোড়ে সড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। যদিও পুরো সড়ক অবরোধ করা হয়নি, তবু কর্মসূচির কারণে যান চলাচল আংশিক ব্যাহত হয়। এ সময় ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘কে বলেছে, শিক্ষামন্ত্রী’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

চট্টগ্রাম সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ ওয়ালিদ চৌধুরী বলেন, শান্তিপূর্ণভাবে ছয় দফা দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। বরং আন্দোলনকারীদের সঙ্গে বিরূপ আচরণ করা হয়েছে। তাই এখন তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ।


এর আগে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন, ফলে নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্মসূচি শেষ হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপির দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্মারকলিপিতে প্রশ্নপত্রের মান নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্ন প্রণয়নকারীদের জবাবদিহির আওতায় আনা, উত্তরপত্রের ন্যায্য মূল্যায়ন, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং নতুন পরীক্ষার রুটিন প্রণয়নসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।