স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:২০ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে— এ বিষয়ে সরকারের কাছ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা পাঠাতে জাতীয় সংসদ সচিবালয়কে অনুরোধ করা হয়েছে। তালিকাটি হাতে পাওয়ার পরই তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, ওই পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে এরই মধ্যে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, গত ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ নির্ধারণ করা হয়েছিল। তবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় এ সময়সীমা পরিবর্তনের প্রয়োজন হতে পারে, আবার নাও হতে পারে।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণ পর্যন্ত সাধারণত ৪৫ দিন সময় লাগে। এর আগে ভোটার তালিকা চূড়ান্ত ও মুদ্রণ করতেও প্রায় দেড় মাস প্রয়োজন হয়। সব মিলিয়ে একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে প্রায় তিন মাস সময় লাগে। তবে সরকারের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় এ বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করতে চাননি তিনি।