জাতিসংঘে বাংলায় ভাষণ: বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাইলেন ড. ইউনূস
গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে এ সমর্থন চান তিনি।
ড. ইউনূস বলেন, জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে দেয়ার জন্য আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। অতীতের ভুল সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, গত জুলাই-আগস্টে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে। পরিপ্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এ মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র–জনতা অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছে। তাদের সম্মিলিত সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত। এ দেশকে যা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে বলে আমি বিশ্বাস করি।
ড. ইউনূস বলেন, আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দায়িত্ব গ্রহণের পর দেখতে পেয়েছি কীভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছি। বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দল বাংলাদেশে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে।
তিনি বলেন, আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের মানুষ মুক্তভাবে কথা বলবেন, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবেন, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ এবং সাইবার ডোমেইনসহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
বাংলাদেশ আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় চুক্তি প্রতিপালনে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানান ড. ইউনূস। তিনি বলেন, জাতিসংঘসহ বহুপক্ষীয় বিশ্বকাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।