খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত, দূরপাল্লার বাস চালু

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম ও ঢাকা সড়ক বাদে চতুর্থ দিনের মতো অভ‍্যন্তরীণ সড়কগুলোতে টানা অবরোধ কর্মসূচি চলছে। তবে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার খাগড়াছড়ি সেনানিবাসে প্রশাসন ও জেলার সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় করছেন।

এদিকে খাগড়াছড়িতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা জেলা সদর ও গুইমারা উপজেলায় এখনো বলবৎ আছে।

খাগড়াছড়ির দুটি সড়ক বাদে চতুর্থ দিনের মতো টানা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। ফলে জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার বাসগুলো সীমিত আকারে চলাচল করছে।


ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছে। শহর ও শহরতলীতে সীমিতভাবে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

গত সোমবার দুপুর ১২টা থেকে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম সড়কের অবরোধ শিথিলের ঘোষণা দেয় অবরোধ আহ্বানকারী জুম্ম ছাত্র-জনতা। তবে অন্যান্য সড়কে অবরোধ চলবে বলেও তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে স্বস্তি ফিরেছে। দূরপাল্লার গাড়ি আসা-যাওয়া করছে, জরুরি কাজে অনেকে ছুটছেন গন্তব্যে। অন্যান্য দিনের মতো অবরোধের সময় জেলার অন্য সড়কগুলোতে আজ কোনো ব্যারিকেড ছিল না। পিকেটারদেরও প্রকাশ্যে দেখা যায়নি।