রংপুরে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:২৩ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬


রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলে রয়েছে। ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী জুয়েলের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)। গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবারের পর থেকে ওই পরিবারের কাউকে বাইরে দেখা যাচ্ছিল না। বাড়িটিও অস্বাভাবিকভাবে অন্ধকার ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে শনিবার পুলিশকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিঁড়ির গেটের তালা ভেঙে ভবনের দ্বিতীয় তলায় প্রবেশ করেন। সেখানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর মরদেহ সিঁড়িঘরে পাওয়া যায়। আর ছেলে প্রীয়মের মরদেহ ছিল একটি খাটের নিচে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, “আপাতত আমরা ধারণা করছি, তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনাস্থলে গিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল মাবুদও তদন্তের বিষয়টি তদারকি করেন। পরে পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করে।

তবে চারজনের মৃত্যুর প্রকৃত কারণ, হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য কিংবা ঘটনার সময় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

একই পরিবারের চার সদস্যের এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় মাছুয়াপাড়া এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে তাকিয়ে স্থানীয়রা।