সচিবালয় আগারগাঁওয়ে সরানোর প্রস্তুতি, প্রস্তাব উঠছে মন্ত্রিসভার আগামী বৈঠকে

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৪ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)। মন্ত্রিসভার অনুমোদন পেলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে আগে একটি মাস্টারপ্ল্যান ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী নীতিগত কাজ ও প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান সচিবালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জাকারিয়া তাহের বলেন, সেখানে গাড়ি পার্কিং ও জায়গার সংকট রয়েছে। অনেক মন্ত্রণালয়ের দপ্তর মূল ভবনের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় জটিলতা তৈরি হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সচিবালয়ের অধিকাংশ ভবন ১৯৬০-এর দশকে নির্মিত হওয়ায় সেগুলো বেশ পুরোনো হয়ে গেছে। ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ভবনগুলোর মেরামত এবং স্থায়ী বিকল্প খুঁজে বের করা জরুরি।

এসব বিষয় বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় পুরোপুরি আগারগাঁওয়ের নতুন স্থানে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন পেলে বর্তমান সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ ও স্থানান্তরের প্রাথমিক এবং মূল কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।