অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬


অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারী পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু। এর আগে জনস্বার্থে তিনি রিট আবেদনটি দায়ের করেন।

রিটে উল্লেখ করা হয়, দেশে বিভিন্ন অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ব্যবহার করে নিয়মিতভাবে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।

এসব অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।

শুনানি শেষে আদালত বিটিআরসি চেয়ারম্যানকে অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

হাইকোর্টের এ আদেশের ফলে অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও ব্যবস্থা গ্রহণের বিষয়টি নতুন করে গুরুত্ব পেল।