ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকি, উদ্বেগ অনলাইন এডিটরস ফোরামের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৩৩ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬


নিজস্ব প্রতিবেদক

নিউজ পোর্টাল ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম। একই সঙ্গে হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ঢাকা স্ট্রিম কর্তৃপক্ষ। জিডির সঙ্গে হুমকিদাতাদের পাঠানো ই-মেইলের স্ক্রিনশটসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংরক্ষণের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর ‘ইসলামি বইমেলায় আল-কায়েদা নেতাদের বই, পেছনে কারা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় আল-কায়েদার প্রয়াত নেতাদের লেখা কিংবা তাদের নিয়ে প্রকাশিত অনূদিত বই বিক্রির তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনটি প্রকাশের পরদিন রাতে ঢাকা স্ট্রিমের কাছে একটি ই-মেইল আসে। ঢাকা স্ট্রিমের দাবি, ওই ই-মেইলে প্রতিবেদনটি সরিয়ে নিয়ে ক্ষমা না চাইলে ১২ ঘণ্টার মধ্যে নিউজ পোর্টালটির বিরুদ্ধে সাইবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অনলাইন এডিটরস ফোরাম বলেছে, সংবাদ প্রকাশের জেরে কোনো গণমাধ্যমকে সাইবার হামলার হুমকি দেওয়া স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের হুমকি সংবাদমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ বা প্রতিবেদনে আপত্তি থাকলে সংশ্লিষ্ট গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাইবার হামলার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনলাইন এডিটরস ফোরাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ঢাকা স্ট্রিমের করা সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে হুমকিদাতাদের পরিচয় শনাক্ত করতে হবে। একই সঙ্গে তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

ফোরামটি আরও বলেছে, সাংবাদিক ও গণমাধ্যম যাতে ভয়ভীতি বা হুমকির বাইরে থেকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য নিরাপদ ও স্বাধীন সংবাদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে সংগঠনটি।