জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ০৩ মে ২০২৬

দেশের গণমাধ্যম খাতকে আধুনিক, দায়িত্বশীল ও পেশাদার কাঠামোয় গড়ে তুলতে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম ব্যবস্থায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হলে পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন জরুরি। শুক্রবার (১ মে) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী শোভাযাত্রায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বক্তারা বলেন, গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে ঘোষণা, প্রেস কাউন্সিলকে আধুনিকায়ন, তথ্য কমিশনের মাধ্যমে মিডিয়ার নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণ, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা আরও বলেন, যাচাই-বাছাইহীন সংবাদ পরিবেশন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা জরুরি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। অতীতে সাংবাদিকদের তালিকা ও নীতিমালার নামে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারের কাছে তারা দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহীদুর রহমান পাভেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।শোভাযাত্রায় ফরিদপুরে বালুদস্যুদের হামলায় আহত সাংবাদিক সাজ্জাদও অংশগ্রহণ করেন। তিনি হামলার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরলে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সংগঠনের পক্ষ থেকে তাকে আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়।অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর ইমন গণমাধ্যম সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন।১ থেকে ৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষরোপণ, সাংবাদিক প্রশিক্ষণ, মিট দ্য প্রেস’ প্রীতি ফুটবল ম্যাচ এবং ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের দাবি সমাবেশ।দেশব্যাপী বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছেন।সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে দেশের সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।