১১ দিন পর চালু সৌদির তেলের পাইপলাইন
টানা ১১ দিন বন্ধ থাকার পর অবশেষে আংশিকভাবে সচল হয়েছে সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন। এটি চালু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারের নিচে অবস্থান করছে।
হুথিদের ড্রোন হামলার শিকার তেলের এই পাইপলাইনটি পুনরায় সচল হওয়ায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে লোহিত সাগরতীরবর্তী ইয়ানবু বন্দর থেকে তেল রপ্তানি কার্যক্রমও শুরু হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে এই পাইপলাইনটি ব্যবহার করছে রিয়াদ। এর মাধ্যমে ইয়ানবু বন্দরে প্রতিদিন ৪০ লাখ ব্যারেলের বেশি তেল পাঠানো হতো, যা বৈশ্বিক মোট তেল সরবরাহের প্রায় চার শতাংশ।
পাইপলাইনটি সচল হলেও বর্তমানে জ্বালানি তেল পাম্প করার হার তুলনামূলক বেশ কম। দিনে সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতাসম্পন্ন এই পাইপলাইন পূর্ণমাত্রায় সচল হতে আরও ছয় থেকে আট সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১ হাজার ২০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই পাইপলাইনটির ১১টি পাম্পিং ও দুটি প্রেসার রিলিফ স্টেশনের মধ্যে ড্রোন হামলায় তিনটি স্টেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।