অন্যদের দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৬ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ অন্য কোনো দেশের খেলায় দাবার বোর্ড হতে চায় না, বরং নিজেদের শর্তে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে এসব কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখন এমন অবস্থানে রয়েছে যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং সেই অবস্থান থেকেই বিশ্বের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব করতে প্রস্তুত।

উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এর একটি ছিল অপ্রত্যাশিত জ্বালানি সংকট। অন্যটি হলো উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নতুন উৎস ও ক্ষেত্র খুঁজছে বলে জানান তিনি। শামা ওবায়েদ বলেন, দেশে নিজস্ব গ্যাস ও এলএনজির এমন কিছু উৎস রয়েছে, যেগুলো আগে বা বিগত সরকারের সময়ে অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেসব উৎসের অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি সৌরবিদ্যুতের দিকেও নজর দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ১০ বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে, যা দেশের অর্থনীতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এ বিষয়ে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান ধরে রেখেছে। একই সঙ্গে অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে, যাতে রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।