জানুয়ারিতে স্থানীয় নির্বাচন শুরু, শেষ হবে ৬ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০০ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬

আগামী বছরের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন।

মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার এবং আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। নির্বাচন নিয়ে কোনো ‘কলঙ্ক’ বিএনপি নেবে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।

এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।