১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৯ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (১২ অক্টোবর) বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।

বিমান বিজ্ঞপ্তিতে বলেছে, ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


এর আগে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১৩ জন নিহত হন। আহত হন তিন শতাধিক মানুষ।

ওই হামলার পর সৌদি কর্তৃপক্ষ রিয়াদের ওই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এতে গত তিন দিনেই বিমানের সৌদি আরবগামী অন্তত ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশির সৌদিযাত্রা আটকে গেছে।

এদিকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের রিয়াদ হয়ে সৌদি আরবের বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে গমন এবং রিয়াদ থেকে বাংলাদেশে আসার জন্য আটকে পড়া প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রীকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস।

এর মধ্যে প্রায় এক শ বাংলাদেশি যাত্রীকে রিয়াদের মেরিয়ট হোটেল, রেডিসন হোটেল ও প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে আবাসনের ব্যবস্থা করার তথ্য দিয়েছে তারা।