জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৫

জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে আজ।

সাধারণত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে এগারটায়।

আজ সোমবার সকাল সাড়ে নয়টায় এ মামলার একমাত্র গ্রেফতার আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।

এর আগে গতকাল রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।

গত বছরের পাঁচই অগাস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এক চোখ, নাক ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মণ প্রথম সাক্ষ্য দেন।

পরে তাকে জেরা করেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

মামলার এই সাক্ষী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে বলেন, “যারা হাজার হাজার মানুষকে মারলো সেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, কাউয়া কাদের (ওবায়দুল কাদের), পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শামীম ওসমানের বিচার চাই। তারা দায়ী, তাদের বিচার চাই।”

এর আগে, গত দশই জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচ অভিযোগে চার্জ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, উস্কানি, প্ররোচনা, রংপুরে আবু সাঈদকে হত্যা, চাঁনখার পুলে ছয় শিক্ষার্থী হত্যা ও আশুলিয়ায় একজন জীবিত ব্যক্তিসহ ছয়জনের মরদেহ পুড়িয়ে মারার অভিযোগ আনা হয়েছে।