১০০-ই থাকছে বিসিএস ভাইভার নম্বর

Newsdesk | প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, ২১ জুন ২০২৬

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে বাড়ানো হচ্ছে না। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ভাইভার নম্বর ১০০-ই বহাল রাখা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ১০০ নির্ধারণ করা হয়েছে। ওই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপবিধি (১)-এর টেবিল অনুযায়ী এ পরিবর্তন কার্যকর করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই নতুন নিয়মে ভাইভা নেওয়া হচ্ছে।


তিনি আরও জানান, বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধানের আওতায় এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, আসন্ন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষাতেও ১০০ নম্বরের ভাইভা বহাল থাকবে। সরকারের মতে, এই ব্যবস্থা বিসিএস নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন করতে সহায়তা করবে।

পরবর্তী খবর

সাংবাদিকের শুধু জামিন নয়; মামলা প্রত্যাহার করতে হবে

| প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ২১ জুন ২০২৬

ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রী: বগুড়ায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষে দায়েরকৃত ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। জামিন কোনো সমাধান নয়, এটি অধিকার। রাষ্ট্র পরিচালনার নামে অন্যায়-অপরাধ, অনিয়ম-দুর্নীতি করবেন আর তা কেবল সাংবাদিকরা লিখলেই তাদের জেল-জুলুম নির্যাতন, এগুলো সহ্য করা যায় না। এই অবস্থা থেকে গণমাধ্যমকে মুক্তি দিতে হবে। 

ইতিমধ্যে মামলায় আসামি সাংবাদিক রেজানুর রহমানের জামিন পেয়েছে। শুধু জামিন নয় অবিলম্বে এই কারসাজি মামলা প্রত্যাহার করতে হবে। প্রতিমন্ত্রীর বহুল আলোচিত সত্য ঘটনার সংবাদ প্রকাশে যদি সাংবাদিকদের বিরুদ্ধে জেল জুলুম হুলিয়া পোহাতে হয় তবে সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন। নেতৃবৃন্দ সরকারের নিকট সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা, স্বাধীনতার দাবি করে সংসদে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করেন। 

সম্প্রতি প্রতিমন্ত্রী শাহে আলমকে ঘিরে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের নামে ২টি ইউনিয়ন (সীমান্ত  দিগন্ত এবং নিজের মীরাবাড়ি নামে একটিসহ ৩টি ইউনিয়নের নামকরণসহ ১০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, নানা দূর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় মানহানি এবং সাইবার আইনের অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন বাদী হয়ে দৈনিক অগ্রযাত্রা পত্রিকার সম্পাদকসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) গাজীপুর থেকে আটক করা হয়। 

রবিবার (২১ জুন) বেলা পৌনে ১২টায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান। 

এদিকে মামলা দায়েরের পর সারাদেশে সাংবাদিকদের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় সারাদেশে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হবে।

পরবর্তী খবর

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

| প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ২১ জুন ২০২৬

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, মো. সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ২১ আগস্ট তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। 

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন।সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন সারওয়ার আলম।

বিজ্ঞাপন

২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে গত বছরের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। 

পরবর্তী খবর

আজ বিশ্ব বাবা দিবস

| প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ২১ জুন ২০২৬

আজ ২১ জুন, বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে বাবার অসীম ত্যাগ, ভালোবাসা আর অবদানকে সম্মান জানাতে প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে এই বিশেষ দিনটি পালিত হয়। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই আজ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিবসটি।

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি পালিত হলেও, এর পেছনে রয়েছে এক মেয়ের বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের ইতিহাস।

ইতিহাস থেকে জানা যায়, বাবা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন 'সনোরা স্মার্ট ডড' নামে এক মার্কিন নারী। ১৯০৯ সালের দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুধু মা দিবস পালনের রীতি ছিল, কিন্তু বাবাদের সম্মানে কোনো দিন ছিল না। ডডের মা ছিলেন না। তাদের সাত ভাই-বোনকে অত্যন্ত কষ্ট ও ত্যাগের মাধ্যমে বড় করে তুলেছিলেন তাদের সিঙ্গেল বাবা।

মায়ের মৃত্যুর পর বাবার এই একক লড়াই ও ত্যাগ দেখে ডডের মনে প্রশ্ন জাগে— মা দিবস পালনের রীতি থাকলে, বাবা দিবস কেন থাকবে না? বাবাকে সম্মান জানানোর জন্যও একটি বিশেষ দিন থাকা দরকার।

এরপর বাবার প্রতি ভালোবাসা থেকে ডড স্থানীয় গির্জা ও কমিউনিটিগুলোতে বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন। তার দীর্ঘ এক বছরের নিরলস প্রচেষ্টার পর ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পালিত হয় 'বাবা দিবস'।

পরবর্তীতে ১৯৬৬ সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে আজ অবধি পৃথিবীর কোটি কোটি সন্তান এই দিনে তাদের বাবাকে পরম শ্রদ্ধায় স্মরণ করে।

পরবর্তী খবর

বেফাঁস মন্তব্য করায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

| প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
বেফাঁস মন্তব্য করায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কর্মস্থল থেকে অবমুক্ত করে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খানের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়

এর আগে দায়িত্ব পালনকালে দেওয়া একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই বক্তব্যকে বেফাঁস মন্তব্য হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। এর পরিপ্রেক্ষিতে তাকে খুলনা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে ২১ জুন পুলিশ হেডকোয়ার্টার্স রিপোর্ট করতে হবে।

মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি কেএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত মঙ্গলবার নগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময়ের সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পরও কোনো ইনফরমেশন যদি ফাঁস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি; ইন্সপেক্টরকে ঝুলায় দেবো, আপনারা পিটায় মারবেন।

আপনারা গোপন তথ্য দেবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাব।’
পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

| প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ২১ জুন ২০২৬


আজ ২১ জুন ২০২৬, রবিবার দুপুর ২:৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ রয়েছেন।



পরবর্তী খবর

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

| প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ন, ২১ জুন ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে আজ রবিবার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যা দেশের কূটনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফরটি সম্পন্ন হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সংযোগ বৃদ্ধির একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফরসঙ্গী প্রতিনিধিদলটি এবার বেশ ছোট রাখা হয়েছে, যেখানে মাত্র ২৭ থেকে ২৮ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

চীন সফরের মূল আকর্ষণ হিসেবে থাকছে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার এজেন্ডা রাখা হয়েছে এবারের সফরে। এসব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ খাতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তী খবর

বিশ্ব বাবা দিবস: বাবার ত্যাগ, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতি শ্রদ্ধা

| প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ন, ২১ জুন ২০২৬


প্রতিটি মানুষের জীবনে বাবার ভূমিকা অনন্য ও অপরিসীম। একজন বাবা শুধু পরিবারের উপার্জনকারী নন; তিনি সন্তানের প্রথম শিক্ষক, জীবনের পথপ্রদর্শক, সাহসের উৎস এবং নির্ভরতার সবচেয়ে শক্ত আশ্রয়। পৃথিবীর সকল বাবার নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও দায়িত্ববোধকে সম্মান জানাতেই প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বিশ্ব বাবা দিবস (Father’s Day)।

বাবা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৯১০ সালে সোনোরা স্মার্ট ডড নামের এক নারী তাঁর বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমবারের মতো এই দিবস পালনের উদ্যোগ নেন। মায়ের মৃত্যুর পর উইলিয়াম স্মার্ট একাই তাঁর ছয় সন্তানকে লালন-পালন করেন। বাবার সেই অসাধারণ ত্যাগ, সংগ্রাম ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে শুরু হয় বাবা দিবসের যাত্রা। পরে ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি জাতীয় স্বীকৃতি লাভ করে এবং ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে এটি পালিত হতে শুরু করে।

বাবার ভালোবাসা অনেক সময় মায়ের ভালোবাসার মতো প্রকাশ্য নয়। তিনি হয়তো কম কথা বলেন, কিন্তু তাঁর প্রতিটি চিন্তা, প্রতিটি পরিশ্রম ও প্রতিটি ত্যাগ পরিবারকে ঘিরেই আবর্তিত হয়। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে একজন বাবা নিজের স্বপ্ন, ইচ্ছা এবং আরাম-আয়েশ বিসর্জন দিতে দ্বিধা করেন না। সন্তানদের মুখে হাসি ফোটাতে তিনি জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে নীরবে লড়াই করে যান।

সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাবার দায়িত্বের ক্ষেত্রও বিস্তৃত হয়েছে। আধুনিক যুগে একজন বাবা শুধু অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করেন না, তিনি সন্তানের মানসিক বিকাশ, শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সন্তানের আত্মবিশ্বাস, সাহস এবং চরিত্র গঠনে বাবার প্রভাব গভীর ও দীর্ঘস্থায়ী।

বিশ্ব বাবা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ। এই দিনে আমরা বাবার ত্যাগ ও অবদানকে স্মরণ করি, তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। একটি ফোনকল, একটি আলিঙ্গন, একটি ধন্যবাদ কিংবা কিছু ভালোবাসার কথা—এসবই একজন বাবার কাছে হতে পারে সবচেয়ে মূল্যবান উপহার।

যাদের বাবা আজও পাশে আছেন, তারা যেন তাঁর মূল্য উপলব্ধি করেন এবং সময় থাকতেই ভালোবাসা প্রকাশ করেন। আর যাদের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাঁদের স্মৃতি ও আদর্শ আমাদের জীবনের পথচলার প্রেরণা হয়ে থাকুক।

বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল বাবার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। কারণ একজন বাবার ভালোবাসা অনেক সময় শব্দে প্রকাশ পায় না, কিন্তু তাঁর ত্যাগ ও মমতা সন্তানের জীবনকে আলোকিত করে রাখে আজীবন।

“বাবা সেই মানুষ, যিনি নিজের কষ্ট আড়াল করে সন্তানের মুখে হাসি দেখতে চান; নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্ন পূরণে জীবন উৎসর্গ করেন।”


 শেখ মো শাহিনুর রহমান উজ্জ্বল 

সিনিয়র সাংবাদিক, লেখক ও সম্পাদক 

email - shahinurrahman42069@gmail.com 

পরবর্তী খবর

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন

| প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
আগামী ২২ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৬ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র সচিব জানান, মালয়েশিয়া সফর শেষে সেখান থেকে আগামী ২২ জুন বিকালে রওনা দিয়ে সন্ধ্যায় ডালিয়ানে (চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী) পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরদিন ২৩ জুন ডব্লিউইএফ-এর প্রেসিডেন্ট ও সিইও’র সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে এবং সামার দাভোসে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকারপ্রধান, যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সরকারপ্রধানদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের সময়সূচি এখনও আলোচনাধীন।

পররাষ্ট্র সচিব জানান, চীন সফরের প্রথম দিন বিকালে ডব্লিউইএফ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দেবেন।

২৪ জুন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সামার দাভোসের ১৩তম বার্ষিক সভার মূল উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবারের এই সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। ওইদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুপুরে তিনি ট্রেনযোগে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেইজিংয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওউথাই স্টেট গেস্ট হাউসে থাকবেন।

২৫ জুন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের মিনিস্টার অব ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব সিপিসি সেন্ট্রাল কমিটি, বাণিজ্যমন্ত্রী, সিআইডিসিএ’র চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের সঙ্গে আলাদাভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ নামে একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন এবং চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাবেন।

বিকালে চীনের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের সরকারপ্রধান। সেখানে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিশদ আলোচনা হবে।

বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর প্রধানমন্ত্রী তার সম্মানে চীনের প্রধানমন্ত্রী আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন।

পরদিন ২৬ জুন চেয়ারম্যান অব দ্য স্ট্যান্ডিং কমিটি অব ন্যাশনাল পিপলস কংগ্রেসের (স্পিকার সমমর্যাদার পদ) প্রধান ঝাও লেজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরদিন ২৬ জুন চেয়ারম্যান অব দ্য স্ট্যান্ডিং কমিটি অব ন্যাশনাল পিপলস কংগ্রেসের (স্পিকার সমমর্যাদার পদ) প্রধান ঝাও লেজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর ফাঁকে ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে সেখানকার বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

পররাষ্ট্র সচিব জানান, ওইদিন (২৬ জুন) বিকালে প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন।

বেইজিং সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা এখন পর্যন্ত ২৮ জন জানিয়ে সচিব জানান, মোটামুটি প্রতিটি ক্ষেত্রে সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার চেষ্টা করেছি।

আসাদ আলম সিয়াম বলেন, এই সফর ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’, যা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান, তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশা করি এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশা করি।

বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রশ্নে সচিব বলেন, এ ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টরের সঙ্গে যোগাযোগ করছি। চীনের একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশে গড়ে তোলার কথা রয়েছে। সেটির কাজও হচ্ছে। সেখানে বিভিন্ন প্রাইভেট সেক্টরের সঙ্গে তাদের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে। আমরা বলেছি, ইনভেস্টমেন্ট ফোরাম হবে। সুতরাং নিশ্চয়ই আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাই।
পরবর্তী খবর

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে রোড শো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

| প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ২০ জুন ২০২৬


আজ শনিবার (২০ জুন ২০২৬) রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে এই রোড শো-এর আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।


অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ব্যবসায়ীদের মধ্যে প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা গ্রুপ, রানার গ্রুপ, টি কে গ্রুপ, ব্র্যাক, নাবিল গ্রুপ, স্কয়ার, ট্রান্সকম, আকিজ ও লাল তীরসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর কর্ণধাররা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে জাপানি কোম্পানি মারুবেনি কর্পোরেশন, টয়োটা সুশো কর্পোরেশন, সুমিতোমো কর্পোরেশন, এমইউএফজি ব্যাংক লিমিটেড, মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড, সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড, জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

পরবর্তী খবর

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ২০ জুন ২০২৬



সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেফতারকৃত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ চারটি বিশেষ ঘটনায় বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার, সনদ ও আর্থিক সম্মানী প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির-সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ কর্তৃক আসামিকে গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হলেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত ও অনুবাদ করে কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে প্রেরণ করেছে। বর্তমান সরকারের কাজের গতি বিগত যেকোনো সময়ের চেয়ে দ্রুততর উল্লেখ করে মন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ফেডারেল এনসিবি ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবি-কে জানায় যে, বাংলাদেশের অনুরোধে ইস্যুকৃত রেড নোটিশের ভিত্তিতে তারা উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তারা পরবর্তী প্রক্রিয়ার জন্য ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রেরণের অনুরোধ জানায়। সেটি আমরা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মাত্র তিন দিনের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।


মন্ত্রী তাঁর বক্তব্যে আজ পুরস্কৃত হওয়া ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামানসহ (জলাবদ্ধতা নিরসনে নিজস্ব উদ্যোগে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করার জন্য ২০,০০০ টাকা ও আইজিপি ব্যাজ প্রাপ্ত) মোট চারটে চাঞ্চল্যকর ও প্রশংসনীয় ঘটনার বিবরণ তুলে ধরেন। এসব ঘটনায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 'পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড' (শাস্তি ও পুরস্কার) নীতি কার্যকর করেছে। কর্তব্যকাজে আন্তরিকতা ও সততা প্রদর্শনকারীদের পুরস্কৃত করার পাশাপাশি নিষ্ক্রিয়তা, গাফিলতি বা দুর্নীতিতে লিপ্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকার অপরাধ প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্দিষ্ট কিছু এলাকা রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে অপরাধীদের নির্মূল করা হবে।


বিভাগীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুরের সাবেক কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের বিষয়টি আইনি ও বিভাগীয় বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, সম্প্রতি চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগে তদন্ত সম্পন্ন করে মাত্র এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কনস্টেবল, সাব-ইন্সপেক্টর এবং ওসির বিরুদ্ধে প্রত্যাহার ও সাময়িক বরখাস্তসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


মংলার কোস্টগার্ড ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যুদের দমনে কোস্টগার্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুযায়ী কাজ করছে। চিহ্নিত ডাকাত মিরাজের অনুসারীরা কোস্টগার্ডের ওপর হামলা চালালে কোস্টগার্ড আত্মরক্ষার্থে ব্যবস্থা নেয় এবং বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


আগামী ২৩শে জুন একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক (সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম নিষিদ্ধ) দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের অ্যালার্ট জারির বিষয়ে মন্ত্রী বলেন, "উক্ত দিনটিকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ সর্বদা তৎপর এবং যেকোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা নস্যাৎ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।"


পুরস্কারের আওতায় আসা ঘটনা চারটি হলো যথাক্রমে জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেফতার ও সাহসিকতা; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনয়ন।


(১) জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ: গত ১০ জুন ২০২৬ তারিখে ভারী বর্ষণের কারণে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের লুপ-টু নামার প্রান্তে সড়কের পানি নিষ্কাশন ড্রেনের মুখে ব্যাপক ময়লা-আবর্জনা জমে পানি জমাবদ্ধতার সৃষ্টি হয়। ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মোঃ কামরুজ্জামান তাৎক্ষণিকভাবে নিজ হাতে ড্রেনের ময়লা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, যার ফলে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো এই প্রশংসনীয় কাজের জন্য ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের কনস্টেবল মোঃ কামরুজ্জামানকে 'পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ', অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়।


(২) আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেফতার ও সাহসিকতা: গত ১৬ জুন ২০২৬ তারিখে আদাবর থানার মফিজবাগ এলাকায় একটি বিকাশের দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানকালে ছিনতাইকারীদের অতর্কিত হামলায় আদাবর থানার ওসি এবং একজন এসআই গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে ২ জন ছিনতাইকারী গুলিবিদ্ধসহ মোট ৪ জনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আভিযানিক দলের সদস্য মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম, পিপিএম (অফিসার ইনচার্জ), এসআই তরুণ কুমার, এএসআই আব্দুল্লাহ সাহক সবুজ, এএসআই সুধন চন্দ্র দে, এএসআই মোঃ শরিফুল ইসলাম এবং এএসআই মোঃ রবিউল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়।


 (৩) আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার: চট্টগ্রামের আনোয়ারার চেনামতি এলাকায় সুজন বড়ুয়ার স্ত্রী ও কন্যাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বিত টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৫ জুন ২০২৬ তারিখে পটিয়া থেকে মূল আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় রাসেল পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি); এসআই শিমুল চন্দ্র দাস (তদন্তকারী কর্মকর্তা); এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা এবং কনস্টেবল মোঃ রিমন হোসেন, পিপিএম-কে পুরস্কৃত করা হয়। 

 

(৪) চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনয়ন: কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় বসতবাড়ির গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুণ্ঠন এবং বাড়ীতে অবস্থানরত মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং দ্রুততম সময়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৭ জন আসামিকে গ্রেফতার করে, যাদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় মোঃ মাসুদ (পুলিশ পরিদর্শক, ইনচার্জ, মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র), এএসআই সজীব দাস, কনস্টেবল মাহফুজুর রহমান এবং কনস্টেবল হেফাজত হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।