হামলায় পণ্ড বাউল গানের অনুষ্ঠান
সিলেটের বিশ্বনাথের একটি মাজারে বাউল গানের আসরে হামলার ঘটনা ঘটেছে। বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে ফেলায় গানের আসরটি পণ্ড হয়ে যায়।
রোববার (২২ মার্চ) রাতে সিলেটের বিশ্বনাথের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ হামলায় কে বা কারা জড়িত, তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, উপজেলার রামপাশা ইউনিয়নের ইবরাই শাহ মাজারে প্রতি বছরই বাউল গানের আসর আয়োজন করা হয়। এবারও তিন দিনের আসর আয়োজন করা হয়েছিল। রোববার রাতে আসর চলাকালে প্রায় এক শ লোক সেখানে দলবদ্ধভাবে হামলা চালায়। শিল্পীদের হাত থেকে বাদ্যযন্ত্র কেড়ে নিয়ে ভাঙচুর করে, সাউন্ড সিস্টেমও ভেঙেচুরে ফেলে। পরে তারা মিছিল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।