গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ, ফের আলোচনায় পরীমণি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১৯ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমণি। গতকাল রোববার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

রাত পৌনে ১টার দিকে দেওয়া ওই লাইভে পরীমনণি বলেন, অনুষ্ঠান চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তিনি নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন বলে জানান তিনি।

পরীমণির ভাষ্য, অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন ‘অ্যাটাকিং মোডে’ আওয়াজ তোলেন। এরপর তিনি বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তাকে থানায় ফোন করতে হয় এবং একপর্যায়ে গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন তিনি।


পরীমণি বলেন, “পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুলল। অ্যাটাকিং মোডে আওয়াজ তুলল।”

অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল।

পরীমণি বলেন, “গুলশান থানা পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে?”

এ সময় তিনি অনুষ্ঠানের স্টল ভাঙচুরেরও অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, এসব ভাঙচুরের দায় কে নেবে এবং অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে তার দায়িত্বই বা কে নেবে।

স্টল ভাঙচুরের অভিযোগ করে পরীমণি বলেন, “এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে?”


ফেসবুকে লাইভে তিনি আরও বলেন, “আমার সাথে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সাথে বসুক, আমার সাথে বুঝুক।”

ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমণি তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ করেন। তিনি বলেন, “কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করব।”

এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, “একটা সমস্যা হয়েছিল। পরীমণি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।”

ওসি জানান, গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল। রোববার ছিল এর শেষ দিন।

পরীমণির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমণি সুস্থভাবে ফিরে গেছেন।”

এর আগে গত ৫ নভেম্বর একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পাওয়ার পর এক সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমণি।