সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:২৮ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬

আওয়ামী লীগ আমলে টানা ১১ বছর জাতীয় সংসদের সাবেক স্পিকারের দায়িত্বে থাকা শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি ডিবি।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করা হয়।


ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে আছেন।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে আবদুল হামিদকে স্পিকারের দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত করা হয় শিরীন শারমিনকে। এরপর টানা ১১ বছর তিনি এই দায়িত্বে ছিলেন।

শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন। জুলাই আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় শিরীন শারমিন চৌধুরীকে। ওই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী টিপু মুনশি।