নিউ গিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১১ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডিবি গুলশান বিভাগের একটি দল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে।

গত ২৭ সেপ্টেম্বর নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় তাকে চার নম্বর আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় এর আগে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে।