হত্যার হুমকির অভিযোগ এমপি মাহমুদা মিতুর, তালিকায় লরেন্স বিষ্ণোইও

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৪৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য চিকিৎসক মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে এমন হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মাহমুদা মিতু। পোস্টের সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। সেগুলোর একটিতে ভারতীয় নম্বর থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে পাঠানো একটি হুমকির বার্তা দেখা যায়।

একই পোস্টে এর আগের দিন, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন চলাকালে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন মাহমুদা মিতু।


তিনি লেখেন, “গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহিদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।”

মিতু আরও লেখেন, “হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!”

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে মিতু লেখেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’

এ প্রসঙ্গে প্রয়াত ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই একজন ভারতীয় গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যার পরিকল্পনার অভিযোগে তিনি পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ দুই ডজনের বেশি ফৌজদারি মামলা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার গ্যাংয়ের সঙ্গে ৭০০-এর বেশি শুটার যুক্ত বলে দাবি করা হয়।