ইউপি নির্বাচন ৫ ধাপে, দলগুলোর সঙ্গে ইসির সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপের প্রক্রিয়া শেষ করা হবে।
তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে।