পুলিশকে আরও কার্যকর হওয়ার আহ্বান আইজিপির

Himel
Himel Himel
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৩ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।


এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করে আইজিপি উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আইজিপি বলেন, ‘এবারের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সকল ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।