জমির বিরোধে উত্তপ্ত শালিখা, গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধার পরিবারের ওপর হামলার অভিযোগ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:২৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬


দা-কুড়াল নিয়ে হত্যার হুমকি, তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

মাগুরার শালিখায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এবার নারকেলগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ উঠেছে। বসতবাড়ির পাশে থাকা নারকেলগাছ কাটতে বাধা দেওয়ায় এক গৃহবধূকে মারধর এবং ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের কোটভাগ গ্রামে। এ ঘটনায় মো. পান্নু মোল্লা (৫০), তাঁর ছেলে মো. মুজাম মোল্লা (৩৫) এবং মো. ইলিয়াস মোল্লার (৩৫) বিরুদ্ধে শালিখা থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা লতিফা (৭২)। তিনি মৃত রোস্তম মোল্লার স্ত্রী।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৯টার দিকে লতিফার বসতবাড়ির উত্তর পাশে থাকা তিনটি নারকেলগাছ কাটতে যান অভিযুক্তরা। এ সময় তাঁর পুত্রবধূ বাধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে এর প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে অভিযুক্তরা দা ও কুড়াল বের করে হত্যার হুমকি দেন। এমনকি জোরপূর্বক গাছ কেটে নেওয়ার কথাও বলেন তাঁরা। পরিস্থিতি দেখে স্থানীয় চন্দনা বেগম (৫৩), রিমা খাতুন (৪০)সহ কয়েকজন এগিয়ে এলে তাঁদেরও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারী লতিফা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চিকিৎসা পেশা নিয়েও পাল্টাপাল্টি অভিযোগ

এদিকে অভিযুক্ত পরিবারের সদস্য ফরিদুজ্জামানের চিকিৎসা পেশা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় এক ব্যক্তি। নাম প্রকাশ না করার শর্তে তিনি দাবি করেন, প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত যোগ্যতা ও সনদ ছাড়াই ফরিদুজ্জামান দীর্ঘদিন ধরে এলাকায় ডিসপেনসারি পরিচালনা করে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তাঁর দাবি, ফরিদুজ্জামানের ইন্ধনে অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে পান্নু মোল্লা, মুজাম মোল্লা ও ইলিয়াস মোল্লাকে পাওয়া যায়নি। তবে ফরিদুজ্জামান বলেন, ‘ঘটনাটি গাছ কাটা ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে।’

নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপি করেছি। কিন্তু কেচকাঁচিলের ভয়ে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়েছিলাম। তবে আমি ভুয়া ডাক্তার নই, গ্রামের চাঁদসি চিকিৎসক।’

পুলিশের বক্তব্য

এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এখন ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।