অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩১ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে উপজেলার বিছনাকান্দি সীমান্তে বিজিবির টহল দল তাকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের সময় ওই বিএসএফ সদস্যকে বাংলাদেশের অভ্যন্তরে দেখতে পায়। এ সময় তার কাছে অস্ত্র ছিল। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যান।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত দিয়ে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তিনি বিছনাকান্দি বিওপিতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।