প্রশ্নফাঁস কাণ্ডের সেই আবেদ আলীর ছেলের ৪ বছরের জেল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৩৯ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী জানান, জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে সিয়ামকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার আগে তাকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

রায়ের পর আপিল করার শর্তে সিয়ামের জামিন চান তার আইনজীবী রফিকুল ইসলাম। তবে আদালত সেই আবেদন নাকচ করে দেন।

দেলোয়ার জাহান রুমী বলেন, এ ধারার মামলায় সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন তিন বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। সিয়ামের বয়স ও সম্পদের পরিমাণ বিবেচনায় আদালত তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন।

রায়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কমিশনকে বিষয়টি অবহিত করব। তারা বিষয়টি বিবেচনা করে যে সিদ্ধান্ত নেন।’

সিয়াম একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তার বাবা সৈয়দ আবেদ আলী জীবন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন। প্রশ্নফাঁসের ঘটনায় তার নাম আলোচনায় আসে। এরপর আবেদ আলী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তিনি ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন জাকির হোসেন। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

গত ১৭ জুন আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত ১৩ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পর্ব শেষ হয়। ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান সিয়াম। এরপর ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।