প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০২ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬


নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা জোরদার এবং বিশেষ প্রটোকল নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে হেনস্তার ঘটনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসের জন্য যুক্তরাষ্ট্রে বিশেষ প্রটোকলের পাশাপাশি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

গত সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে একদল ব্যক্তির হাতে ড. ইউনূস হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে ঘটনার নিন্দা জানানো হয়।

ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক ও ওয়াশিংটনে বাংলাদেশের মিশন এবং কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেছে। পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ ও তথ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট। ভবিষ্যতে ড. ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্বের সঙ্গে বিদেশের মাটিতে এ ধরনের ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।