বাংলাদেশের শিল্প উৎপাদন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি, বাড়তি শুল্কের শঙ্কা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:০০ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬


রিপোর্ট : শেখ মো শাহিনুর রহমান উজ্জ্বল 

বাংলাদেশের শিল্প উৎপাদন সক্ষমতা ও রপ্তানিমুখী নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)। তৈরি পোশাক, চামড়া ও সিমেন্টসহ কয়েকটি শিল্প খাতের উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শেষে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন নীতি ও চর্চাকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার রাতে প্রকাশিত এ প্রতিবেদনে বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ইউএসটিআর। এর ফলে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের আশঙ্কা তৈরি হয়েছে। আগামী জানুয়ারিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতিবেদনে ইউএসটিআরের দাবি, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প খাতে বিভিন্ন ধরনের সরকারি সুবিধা ও নীতিগত সহায়তা উৎপাদন সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। এর ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য বাংলাদেশের বাজারে প্রতিযোগিতা কঠিন হচ্ছে এবং মার্কিন কোম্পানিগুলোর পণ্য রপ্তানির সুযোগ সংকুচিত হচ্ছে।

সংস্থাটির মতে, কম দামে পণ্য পাওয়া এবং সরবরাহ বাড়ার সুবিধা ভোক্তারা পেলেও এর বিপরীতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বাড়ছে। একই সঙ্গে দেশটির উৎপাদন খাত, শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

ইউএসটিআরের প্রতিবেদনে বাংলাদেশের উৎপাদনশিল্পে চীন ও ভারতের মতো দেশ থেকে কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যন্ত্রপাতি, সুতা, কাপড় ও কৃত্রিম তন্তুসহ বিভিন্ন উপকরণ আমদানির মাধ্যমে বাংলাদেশের শিল্প উৎপাদন বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এসব পণ্য যুক্তরাষ্ট্রেও উৎপাদিত হয় এবং দেশটির রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে দাবি সংস্থাটির।

চীন থেকে আমদানি নিয়েও প্রশ্ন

বাংলাদেশের শিল্প খাতে চীনের প্রভাব নিয়েও আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসটিআরের অভিযোগ, চীন থেকে আমদানি এবং দেশটি থেকে আসা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ যথাযথভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারছে না বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার পণ্য বাংলাদেশের শিল্পকারখানার মাধ্যমে পরবর্তী পর্যায়ে উৎপাদিত হয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে। এতে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়লেও যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য তা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি

ইউএসটিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৬০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করা হয়েছে। ওই বছর যুক্তরাষ্ট্রের মোট তৈরি পোশাক আমদানির প্রায় ৮ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে।

একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মোট টেক্সটাইল পণ্য আমদানির পরিমাণ ছিল প্রায় ৯০০ কোটি ডলার, যা দেশটির মোট টেক্সটাইল আমদানির প্রায় ৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে ধারাবাহিক উদ্বৃত্ত ছিল। ২০২১ সালে এ উদ্বৃত্তের পরিমাণ ছিল ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালে বেড়ে প্রায় ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাড়তি শুল্ক এড়াতে আলোচনার পরামর্শ

যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পর বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় দ্রুত কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজের মতে, সম্ভাব্য বাড়তি শুল্ক এড়াতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করা প্রয়োজন। বাংলাদেশের শিল্প খাতে কর ছাড় ও নগদ সহায়তার মতো সুবিধাগুলো কোনো নির্দিষ্ট দেশের বাজার দখলের উদ্দেশ্যে নয়; বরং দেশীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার জন্য দেওয়া হয়—এ বিষয়টি যুক্তরাষ্ট্রকে বোঝানো জরুরি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বাড়তি শুল্ক আরোপ করা হলে মার্কিন আমদানিকারকেরা এর চাপ বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর দিতে পারেন। এতে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্প আরও ব্যয়ের চাপে পড়বে।

অন্যদিকে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মনে করেন, বাজারের চাহিদা অনুযায়ী উদ্যোক্তারা উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করেন। পরবর্তী সময়ে চাহিদা কমে গেলে অতিরিক্ত সক্ষমতা থেকে যেতে পারে। তাঁর মতে, অর্থনীতির বৈজ্ঞানিক ভিত্তি ও বাণিজ্যিক নিয়মনীতি বিবেচনায় এ ধরনের কারণে বাড়তি শুল্ক আরোপের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

সব মিলিয়ে ইউএসটিআরের তদন্ত প্রতিবেদন বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির ওপর নির্ভরশীল শিল্প খাতের জন্য সম্ভাব্য শুল্ক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন বাড়তি শুল্ক এড়াতে বাংলাদেশের কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও বাণিজ্যিক আলোচনার দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।