দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ দেওয়া হচ্ছে 'ট্যাগ অফিসার'

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ৪:২৯ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য প্রতিটি পাম্পে একজন করে 'ট্যাগ অফিসার' নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানায়।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই নিয়োগ সম্পন্ন করবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে।


এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।


সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।