যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনের ডাক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আবারও বিশাল গণ-আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ‘নো কিংস’ নামক এই কর্মসূচির আওতায় আজ শনিবার (২৮ মার্চ) দেশটির ৩ হাজারেরও বেশি স্থানে বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যার দিক থেকে এটি আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহত্তম প্রতিবাদী দিন হতে যাচ্ছে।
এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবর মাসেও এই আন্দোলন হয়। তখন লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। আয়োজকদের দাবি, জুনে প্রায় ৫০ লাখ মানুষ এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেয়।
এবারের বিক্ষোভে অনেক বিষয় নিয়ে প্রতিবাদ হবে। এর মধ্যে আছে ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধ।
ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতে বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও ৪০টির বেশি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। রাজ্যটিতে মাত্র ৬ লাখ ৪৬ হাজার মানুষ বাস করে। তারপরও সেখানে এত কর্মসূচি নেওয়া হয়েছে।
আয়োজকরা জানায়, এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের দিনগুলোর একটি হতে পারে।