এইচএসসি: পুনর্মূল্যায়নের ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ই ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই স্থগিতাদেশ দেন এবং সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।
হাইকোর্টের এই নির্দেশনার ফলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ অন্তত ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচী স্থগিত বা পিছিয়ে যাওয়ার মুখে পড়ল।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে। এ বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।